গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছেন। সোমবার (২০ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
পলাতক আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গাজীপুর সদর মেট্রো থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া সম্রাটকে সোমবার বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমে অংশ নিতে তাকে এজলাসে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।
ঘটনার সঙ্গে সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যরা সম্রাটকে ধাওয়া করেন। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। পরে আদালত প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়। একই সঙ্গে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানও শুরু করেছে পুলিশ।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
/এসএন