চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাসিনা বেগম একটি লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন।
ওই মইটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট ছিল। ছাদে ওঠার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার ভাতিজি আশা খাতুন। পরে আশার মেয়ে মিম আক্তারও ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনজনই মারা যান।ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করেন।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
/বিএসএস