রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে মো. ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওমর ফারুক উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে ওমর ফারুকের স্ত্রী মোছা. মুক্তা বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় বাবার বাড়িতে চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর থেকেই ওমর ফারুক মানসিকভাবে বিষণ্ণ ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এরই মধ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে বিষাক্ত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।
বিষয়টি প্রথম দিকে পরিবারের কাছে জানা না গেলেও শেষ রাতে, রাত ৩টার দিকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। পরে স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টা ২৫ মিনিটে ওমর ফারুকের মৃত্যু হয়।
মৃত্যুর পর স্বজনরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কাউনিয়া থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
/এএসএফ