দেড় বিঘা জমিজুড়ে ছিল স্বপ্ন। কলাগাছগুলোতে এসেছিল মোচা, ঝুলছিল কাঁচা কলার ছড়া। ফলন ঘরে তুলে লাভের আশায় দিন গুনছিলেন কৃষক নূর মোহাম্মদ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন মাটিতে মিশে গেল। দুর্বৃত্তরা কেটে দিয়েছে তার প্রায় ৭০০টি ফলন্ত কলাগাছ। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।নূর মোহাম্মদ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে তিনি কলাবাগানটি গড়ে তোলেন। বাগান করতে এনজিওসহ বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধলক্ষ টাকা ঋণ নেন তিনি।নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার কলাবাগানে ঢুকে ফলন্ত গাছগুলো কেটে ফেলে। বুধবার বিকেলে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।চোখের জল মুছতে মুছতে নূর মোহাম্মদ বলেন, “দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রম আর বুকভরা আশা নিয়ে এই বাগান গড়ে তুলেছিলাম। অধিকাংশ গাছেই মোচা এসেছিল, ঝুলছিল কাঁচা কলার ছড়া। গত বছর ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক রাতের অন্ধকারেই সব শেষ হয়ে গেল।”ঋণ নিয়ে গড়ে তোলা এই বাগান থেকে এবারও ভালো লাভের প্রত্যাশা ছিল নূর মোহাম্মদের। কিন্তু ফলন ঘরে তোলার আগেই সব গাছ কেটে ফেলায় এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। প্রায় ৭০০ কলাগাছ নষ্ট হওয়ায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।ঘটনার পর স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
/বিএসএস