রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ জুলাই) দুপুরে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) এবং থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুইজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে। আটক ব্যক্তিদের মধ্যে একজন মিয়ানমারের সেনাসদস্য এবং বাকি দুইজন পুলিশ সদস্য।
/এএসএফ