• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম


ওসিকে বিদায় দিতে কেউ আনলেন লাউ, কেউ হাঁস-মুরগি; কাঁদলেন স্থানীয়রা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:১০ পিএম

বদলির আদেশে মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। প্রিয় কর্মকর্তাকে বিদায় জানাতে বুধবার (২৩ সেপ্টেম্বর) থানার সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুলের তোড়ার পাশাপাশি কেউ নিয়ে আসেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ উপহার দেন হাঁস-মুরগি।স্থানীয়দের এমন ব্যতিক্রমী ভালোবাসায় বিদায়ের আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন। প্রিয় কর্মকর্তাকে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। কারও চোখে ছিল পানি, কেউ আবার শেষ মুহূর্তে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হাত নেড়ে বিদায় জানান।বুধবার সকাল ১১টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসিকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনেকে তার সঙ্গে ছবি তোলেন এবং কুশল বিনিময় করেন। এ সময় দায়িত্ব পালনকালে আফজাল হোসেনের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি ও তার কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন স্থানীয়রা।এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, দায়িত্ব পালনকালে ওসি আফজাল হোসেন সকালে হাঁটতে বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন। এ সময় তিনি এলাকার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতেন।চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, আফজাল ওসি চরাঞ্চলের শান্তি রক্ষায় অনেক কাজ করেছেন। তার সময়ে স্থানীয়রা শান্তিতে ছিলেন। মাদক নিয়ন্ত্রণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার বাইরে থাকা স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, আবার কেউ চোখের পানি মুছতে থাকেন।স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন আফজাল হোসেন। তিনি বলেন, চাকরির ক্ষেত্রে বদলি একটি স্বাভাবিক বিষয়। তবে হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না।তিনি আরও বলেন, চাকরিজীবনে এমন বিদায় আগে কখনো দেখেননি। হরিরামপুরবাসীর ভালোবাসা ও সম্মান তার কাছে অকল্পনীয়। এখানকার মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক ও স্মৃতি সারাজীবন মনে থাকবে বলেও জানান তিনি।

/বিএসএস