সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। একটি দেশি গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। তবে জন্মের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের কিছু সময়ের মধ্যেই বাছুরটি মারা যায়।
সম্প্রতি গোবরদাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) আব্দুর রহিমের দেশি জাতের গাভীটি একটি বাছুর প্রসব করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি পেছনের অংশে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে। এমন বিরল গঠন দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বাছুরটি দেখতে ভিড় করেন।
স্থানীয়দের অনেকেই জানান, এমন অস্বাভাবিক আকৃতির বাছুর তারা আগে কখনও দেখেননি। কেউ এটিকে প্রকৃতির বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
বিশেষজ্ঞদের মতে, এটি পলিমেলিয়া (Polymelia) নামে পরিচিত একটি বিরল জন্মগত শারীরিক ত্রুটি। এ অবস্থায় প্রাণীর শরীরে স্বাভাবিক সংখ্যার চেয়ে অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়।
প্রাণিসম্পদ বিজ্ঞানীরা জানান, গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের সময় জিনগত পরিবর্তন (Genetic Mutation), ভ্রূণের কোষ বিভাজনে ত্রুটি, মাতৃগর্ভে ভ্রূণের বিকাশে অস্বাভাবিকতা অথবা অসম্পূর্ণ যমজ (Incomplete/Parasitic Twin) গঠনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। এটি অত্যন্ত বিরল এবং সাধারণত মানুষের অবহেলা বা খাদ্যাভ্যাসের কারণে ঘটে না। বিশ্বের বিভিন্ন দেশে গরু, ছাগল, ভেড়া এমনকি মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনার নজির রয়েছে।
ভেটেরিনারি চিকিৎসকদের মতে, পলিমেলিয়ায় আক্রান্ত প্রাণীর অতিরিক্ত অঙ্গ সাধারণত কার্যকর থাকে না। অনেক ক্ষেত্রে শরীরের অন্যান্য অঙ্গেও জন্মগত ত্রুটি থাকায় এসব প্রাণী দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না। তবে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত অঙ্গ অপসারণ করে প্রাণীকে স্বাভাবিক জীবন দেওয়ার উদাহরণও রয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পলিমেলিয়ার একটি বিরল ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তার ভাষ্য, গর্ভে ভ্রূণের বিকাশজনিত ত্রুটি বা জিনগত পরিবর্তনের কারণে এমনটি হতে পারে। বিষয়টি গবেষণার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি সংক্রামক নয় এবং অত্যন্ত বিরল একটি জন্মগত সমস্যা।
এদিকে জন্মের কিছুক্ষণের মধ্যেই বাছুরটির মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা নেমে এসেছে। বিরল এ ঘটনাকে ঘিরে গোবরদাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/এএসএফ