রাজধানীর শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিম (৬২) মারা গেছেন।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রা ভাই (স্ত্রীর বোনের স্বামী) একেএম আব্দুল্লাহি বাকি জানান, রেজাউল করিম প্রায় দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসরে যান। দুই সন্তানের জনক রেজাউল করিম শনির আখড়ায় নিজস্ব তিনতলা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
তিনি জানান, রোববারের টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর তিনি জমে থাকা পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানির মধ্যেই অচেতন হয়ে পড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তার সঙ্গে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে পানিতে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
/এএসএফ