• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম


রাতে খাবার খেয়ে ঘুমাল, সকালে বাবা-মা দেখল সাপের কামড়ে নিথর হয়ে পড়ে আছে তাদের কলিজার টুকরা সোনামনি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৬:০২ পিএম

যশোরের অভয়নগরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জেরিন খাতুন উপজেলার সরদারপাড়া এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বাবা জসিম উদ্দিন সরদার জানান, রোববার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় জেরিনকে একটি সাপ কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জসিম উদ্দিন আরও বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকায় সাপের উপদ্রব বেড়ে গেছে বলে তিনি মনে করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর ঘটনা সম্পর্কে পুলিশ অবগত রয়েছে।