টানা ভারী বর্ষণ এবং কর্ণফুলী নদীতে ভরা জোয়ারের প্রভাবে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পানি জমে গেছে। এর ফলে সারিবদ্ধভাবে রাখা কনটেইনারগুলোর নিচের স্তরে পানি প্রবেশ করায় আমদানি করা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৮ জুলাই) বন্দরের ইয়ার্ডজুড়ে জমে থাকা পানির কারণে স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। বিশেষ করে গত দুই দিন ধরে কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিতভাবে আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও শুল্কায়ন কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা ৫০টি মাদার ভেসেল থেকেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। উত্তাল সাগর ও অব্যাহত বৃষ্টির কারণে লাইটার জাহাজগুলো বহির্নোঙরে যেতে না পারায় লাইটারিং কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ী সূত্র জানিয়েছে, বহির্নোঙরে প্রতিদিন প্রায় ৫ লাখ টন পণ্য খালাস করা হয়। কিন্তু টানা তিন দিন ধরে এই কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি পণ্য খালাসে বিলম্ব হওয়ায় তাদের জরিমানার মুখেও পড়তে হতে পারে।
/এসএন