• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম


এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেল ময়মনসিংহ, ঘরে ঢোকা পানিতে প্রা’ণ হা’রাল ৮ মাসের শিশু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১১:৩০ পিএম

টানা রাতভর ভারী বর্ষণে আবারও জলমগ্ন হয়ে পড়েছে ময়মনসিংহ নগরী। সাড়ে আট ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আয়াস নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) ভোর রাত থেকেই টানা বৃষ্টির কারণে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন আবাসিক এলাকার বড় অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বসতঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে মারা যায় আয়াস নামের শিশুটি। সে ওই এলাকার আবির মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে আবির মিয়ার ঘরে পানি ঢুকে পড়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে সে খাট থেকে গড়িয়ে নিচে পড়ে জমে থাকা পানিতে ডুবে যায়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির স্বজন রুমানা আক্তার বলেন, সারারাতের বৃষ্টিতে ঘরের ভেতর পানি জমে যায়। শিশুটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। হঠাৎ খাট থেকে পড়ে পানিতে ডুবে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে ফিরে যান।

এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র সাড়ে ৮ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছরে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত।

এক রাতের টানা বর্ষণের প্রভাবে বুধবার সকালে ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও ড্রেনের ময়লাযুক্ত পানি ঘরে ঢুকে পড়ে। ফলে কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া ব্যাহত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরের চরপাড়া, ভাটিকাশর, কাচিঝুলি, বাসবাড়ি কলোনি, নয়াপাড়া ও কপিখেতসহ বিভিন্ন এলাকায় পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং পথচারীদের দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও ড্রেনের ময়লাযুক্ত পানি ঘরে প্রবেশ করায় দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে।

জলাবদ্ধতার খবর পেয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে জমে থাকা পলি অপসারণের কাজ চলছে এবং দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতি হবে।

অন্যদিকে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। একই সঙ্গে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেললে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা আরও সহজ হবে।

/এসএন