বরগুনার তালতলী উপজেলার পর্যটনকেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় তীব্র স্রোতে তিনি ভেসে যান। নিখোঁজের ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নামলে কয়েকদিন ধরে চলমান নিম্নচাপের প্রভাবে সৃষ্ট তীব্র স্রোতে ভেসে যান।
স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুলকে উদ্ধার করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল কিছু সময় মাছ ধরার জন্য সমুদ্রে পুঁতে রাখা একটি খুঁটি ধরে ভেসে ছিলেন। পরে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।”
/এএসএফ