ময়মনসিংহ নগরীতে এক নারীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজিব আহমেদ রুবেল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রোববার (৫ জুলাই) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ৩৬ বাড়ি কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে রাজিব ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। সেখানে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার ওই বাসার চার ভাইয়ের মাকে ধর্ষণ করেন রাজিব। পরে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জেরে ওই নারীর চার ছেলে মিলে রাজিবকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের মাথার পাশে একটি মদের বোতলও পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
/এএসএফ