ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো অর্থ থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমর রুবেলের নির্বাচনী তহবিলে ৭০ টাকা দিয়েছিলেন ৭১ বছর বয়সী রিনা স্নাল। নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে ওই বৃদ্ধার জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে রিনা স্নালের হাতে নতুন ঘরটি তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। জীবিত অবস্থায় তিনি বাঁশ ও বেতের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরের কাজ করলেও বয়স এবং শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় শেষ পর্যন্ত ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিতে বাধ্য হন।
রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে একাই বসবাস করছিলেন রিনা স্নাল।
স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধার দেখভাল করার মতো তেমন কেউ নেই। ভিক্ষা করেই তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ার ফলে এখন তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।
সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, ‘নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।’
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ‘ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।’
/এসএন