• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম


নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা।

নিহতরা হলেন খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তিনজন। দীর্ঘ সময় পার হলেও তারা পানির ওপর ভেসে না উঠলে বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।

দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তিন শিশুরই মৃত্যু হয়।

ওসি মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই পরিবারের তিন কন্যাশিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএসএফ