বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
বিশেষ কৌশলে বুধবার সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের চরম ভোগান্তির জন্য তিনি দুঃখিত। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহে স্থবিরতা তৈরি হয়েছে। তবে গতকাল নেওয়া বিশেষ কৌশলের ফলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে। সংকট মোকাবিলায় সরকার বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে। দেশীয় বিদ্যুৎ উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোচ্ছে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের ফলেই বর্তমান সংকট তৈরি হয়েছে। এক্সিলারেট টার্মিনাল থেকেও এখনো পূর্ণ সক্ষমতায় কাজ করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই। তবে পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রাণান্তকর চেষ্টা করা হচ্ছে।
/এএসএফ