চলন্ত ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে ঘিরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সহযাত্রীরা। দ্রুত সিপিআর প্রদান, চিকিৎসক খোঁজা এবং ট্রেনকর্মীদের তাৎক্ষণিক উদ্যোগে ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা পান।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, চলন্ত ট্রেনে এক যাত্রীর হঠাৎ হার্ট অ্যাটাকের মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। পরিস্থিতি বুঝতে পেরে আশপাশের যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন। এ সময় একজন যাত্রী তাৎক্ষণিকভাবে অসুস্থ ব্যক্তিকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিতে শুরু করেন।
একই সঙ্গে ট্রেনের অন্যান্য যাত্রী ও কর্মীরা বগিতে কোনো চিকিৎসক আছেন কি না, তা খুঁজতে শুরু করেন। পরে ট্রেনের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে চিকিৎসকদের নির্দিষ্ট বগিতে আসার অনুরোধ জানানো হয়।
ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ট্রেনে থাকা একজন চিকিৎসক ঘটনাস্থলে এসে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের মানবিকতা এবং ট্রেনকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন অনেকেই। তাদের মতে, সংকটময় মুহূর্তে অচেনা একজন মানুষের পাশে যেভাবে সবাই একযোগে দাঁড়িয়েছেন, তা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
/এএসএফ