• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৩ এএম


উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান, দালালচক্রের ১৩ সদস্য কারাগারে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৮:২৮ এএম

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত র‌্যাব-১, উত্তরা এবং র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার আওতাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে দালালদের দৌরাত্ম্যে সাধারণ সেবাপ্রত্যাশীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। এ ধরনের অনিয়ম ও ভোগান্তি বন্ধে র‌্যাব-১ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের অভিযানে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং একজন নারীকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব-১ জানিয়েছে, পাসপোর্ট সেবা গ্রহণে সাধারণ মানুষের জন্য দালালমুক্ত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

/এএসএফ