প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলন ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। দেশের মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়; বরং এটি দেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে রাজপথে ছিলেন। তারা কখনো জনগণকে একা ফেলে যাননি। তাই জুলাই আন্দোলনের সফলতার প্রকৃত কৃতিত্ব দেশের জনগণেরই প্রাপ্য।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন আর তর্ক-বিতর্কের সময় নয়; বরং দেশ পুনর্গঠনের সময়। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে বা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ধৈর্য, দায়িত্বশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
/এএসএফ