• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম


আজ রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৯:১৮ এএম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ থাকবে। এ কারণে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক) সাংস্কৃতিক কনসার্ট উপলক্ষে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিকল্প সড়ক

  • ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে বামে ঘুরে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করবে।

  • গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল মসজিদ মোড় হয়ে গন্তব্যে যাবে।

  • সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহন নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার হয়ে অথবা বাটা–কাটাবন–হাতিরপুল/নীলক্ষেত–পলাশী হয়ে চলাচল করবে।

  • মিরপুর রোড থেকে ফার্মগেটমুখী যানবাহন গণভবন–লেক রোড–উড়োজাহাজ মোড়–বিজয় সরণি হয়ে চলবে।

  • ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউমুখী যানবাহন খেজুর বাগান মোড়–উড়োজাহাজ মোড়–লেক রোড–গণভবন হয়ে যাবে।

  • ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেটমুখী যানবাহন আসাদগেট–গণভবন–লেক রোড–বিজয় সরণি হয়ে চলাচল করবে।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান–উড়োজাহাজ মোড়–লেক রোড–আসাদগেট হয়ে চলবে।

  • মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ অভিমুখে শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট রুট ব্যবহার করতে হবে।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, যানজট কমাতে এবং নগরবাসীর ভোগান্তি এড়াতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

/এএসএফ