• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম


ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল আটক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৮:২৬ এএম

খাগড়াছড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে খাগড়াছড়ি জেলা পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত ১১টার দিকে শহরের পানখাইয়া পাড়া সড়কের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি হলেন খাগড়াছড়ি জেলা পুলিশের কনস্টেবল মো. শিমুল হোসেন (বিপি নং-৯৭১৬১৯০৬৯৫)।

পুলিশ জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে পানখাইয়া পাড়া এলাকার দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় এক নারীর সঙ্গে অবস্থানরত শিমুল হোসেনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মে কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আইয়ুব আলীর অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন শিমুল হোসেন। তবে এরপর থেকে তিনি আর কর্মস্থলে যোগ দেননি।

পুলিশের তথ্য অনুযায়ী, বিভাগীয়ভাবে তাকে কর্মস্থলে যোগদানের জন্য বাড়ির ঠিকানায় একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরবর্তীতে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখিয়ে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

বর্তমানে শিমুল হোসেন পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

/এএসএফ