দেশের বাজারে প্রচলিত টুথপেস্ট নিয়ে এক বছরের গবেষণা শেষে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা টুথপেস্টের ৭৫ শতাংশেরও বেশি নমুনায় বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। তবে ৩৪টি নমুনার মধ্যে ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।
এসডোর গবেষণায় ১৯টি পরিচিত ব্র্যান্ডের মোট ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হলেও ৮টি টুথপেস্ট উপাদানগতভাবে নিরাপদ এবং মাইক্রোপ্লাস্টিকমুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় অজান্তেই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করতে পারে। দীর্ঘমেয়াদে এটি পাকস্থলীর সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই ভোক্তাদের নিবন্ধিত ও পরীক্ষায় নিরাপদ প্রমাণিত টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে এসডো।
উল্লেখ্য, এ তথ্য এসডোর গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রকাশিত। স্বাস্থ্যঝুঁকি বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা চলমান এবং কোনো নির্দিষ্ট পণ্যের নিরাপত্তা বা ঝুঁকি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়নও গুরুত্বপূর্ণ।
/এএসএফ