চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলে কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি মূল্যায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দেখছে।
মূল ভূমিকম্পের পর এলাকায় একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। সিইএনসি জানিয়েছে, পরবর্তী কম্পনগুলোর মধ্যে অন্তত একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ ছিল।
এদিকে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/এসএন