• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০১:১১ এএম


নতুন পে-স্কেলে বেতন বাড়লেও, বাদ যাচ্ছে বিশেষ সুবিধা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৮:৫৪ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

তবে নতুন পে-স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধা (স্পেশাল বেনিফিট) বাতিল হয়ে যাবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ বিশেষ সুবিধা ভোগ করছেন। নতুন বেতন কাঠামো চালু হলে এই সুবিধা আর বহাল থাকবে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিশেষ সুবিধা বাতিল হলেও বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের মোট বেতন প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়তে পারে প্রায় ৪০ শতাংশ পর্যন্ত।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। বিশেষ সুবিধাসহ তা দাঁড়ায় ৮৫ হাজার ৮০০ টাকা। নতুন পে-স্কেল কার্যকর হলে এই গ্রেডের মূল বেতন বেড়ে ১ লাখ ১৭ হাজার টাকায় উন্নীত হবে।

একইভাবে ২য় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ৯৯ হাজার টাকা, ৩য় গ্রেডের ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ৮৪ হাজার ৭৫০ টাকা, ৪র্থ গ্রেডের ৫০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা এবং ৫ম গ্রেডের ৪৩ হাজার টাকা থেকে ৬৪ হাজার ৫০০ টাকায় উন্নীত হওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া ৬ষ্ঠ গ্রেডের বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৫৩ হাজার ২৫০ টাকা, ৭ম গ্রেডের ২৯ হাজার টাকা থেকে ৪৩ হাজার ৫০০ টাকা, ৮ম গ্রেডের ২৩ হাজার টাকা থেকে ৩৪ হাজার ৫০০ টাকা এবং ৯ম গ্রেডের ২২ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকায় উন্নীত হতে পারে।

নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ১০ম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা, ১১তম গ্রেডের ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৮ হাজার ৭৫০ টাকা এবং ১২তম গ্রেডের ১১ হাজার ৩০০ টাকা থেকে ১৬ হাজার ৯৫০ টাকায় উন্নীত করার সুপারিশ রয়েছে।

একইভাবে ১৩তম গ্রেডের বেতন ১৬ হাজার ৫০০ টাকা, ১৪তম গ্রেডের ১৫ হাজার ৩০০ টাকা, ১৫তম গ্রেডের ১৪ হাজার ৫৫০ টাকা, ১৬তম গ্রেডের ১৩ হাজার ৯৫০ টাকা, ১৭তম গ্রেডের ১৩ হাজার ৫০০ টাকা, ১৮তম গ্রেডের ১৩ হাজার ২০০ টাকা, ১৯তম গ্রেডের ১২ হাজার ৭৫০ টাকা এবং ২০তম গ্রেডের ১২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এটি ধাপে ধাপে কার্যকর করা হতে পারে।

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার বেতন কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।

/এএসএফ