• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম


অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে দিল্লি সফর মাঝপথে বাতিল করে দেশে ফিরলেন জাহেদ উর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুন ২০২৬ ৭:৪২ পিএম

অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ভারতের নয়াদিল্লিতে নির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন তিনি।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছে তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন এবং কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য।

সূত্রের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তিনি। নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণের পর ভারতের নজরদারি তালিকার ভিত্তিতে তাকে আটকে দেওয়া হয়।

এরপর দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরে পরিস্থিতি অনুধাবন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যথাযথ সম্মানের সঙ্গে দেশটিতে প্রবেশের অনুরোধ জানায় বলে সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে আত্মসম্মান এবং কূটনৈতিক প্রটোকলের বিষয়টি বিবেচনায় নিয়ে ডা. জাহেদ উর রহমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ফলে নির্ধারিত রাষ্ট্রীয় সফর সম্পন্ন না করেই তিনি দিল্লি ত্যাগ করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।

/এসএন