• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম


বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রায় নিতে আগ্রহী দুই দেশ: জাহেদ উর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ৯:৪৬ পিএম

গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, বাংলাদেশ ও ভারত উভয় দেশই এখন সেই অবস্থান থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সীমান্তে ‘পুশইন’ ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ভারত বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তার মতে, বিষয়টি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রভাবও এর পেছনে থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও ভুয়া প্রচারণা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, অনেক সময় বিভিন্ন ব্যক্তির নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়। এমনকি বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এসব অপপ্রচার মোকাবিলায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনজীবীদের একটি প্যানেল গঠনের কাজ চলছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি দলীয় নয়, নির্দলীয় নির্বাচন হওয়ায় ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিলে সরকারের কোনো আপত্তি থাকবে না। কারণ এই নির্বাচনে দলীয় পরিচয় কিংবা পদ-পদবি ব্যবহারের সুযোগ থাকবে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ অনার্স পর্যায় থেকে তুলে দেওয়া হচ্ছে’—এমন দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব বিভাগ অনার্স পর্যায়ে বহাল থাকবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে একইভাবে বিভাগগুলো চালু রাখা হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বড় বড় কলেজে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানান ডা. জাহেদ উর রহমান।

/এসএন