আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা গেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৫ জুন) ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হাঁটছেন জুনাইদ আহমেদ পলক। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
ভিডিওতে আরও দেখা যায়, ট্রাইব্যুনাল এলাকায় অবস্থানরত কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এ নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। বিষয়টি ঘিরে অনলাইন জগতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন জুনাইদ আহমেদ পলক। পরে ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন। এসব মামলার শুনানির অংশ হিসেবেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
/এসএন