• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম


ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, সব ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের হাতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ১০:১৭ পিএম

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৪ জুন) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আপাতত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কার্যক্রম নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা ও বিভিন্ন প্রশাসনিক ইস্যুর মধ্যেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো। ব্যাংক খাতের অন্যতম বৃহৎ এই প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

/এএসএফ