• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম


দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর, দেশে ফেরাতে চলছে আইনি প্রক্রিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৮:২৮ পিএম

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম।

তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির মামলায় বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সাবেক এই আইজিপিকে গ্রেফতার করা হয়। সরকার তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

আকতারুল ইসলাম জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং সেই মামলার বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা হওয়ার পরও বেনজীর আহমেদ জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট সংগ্রহ করেছিলেন।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও আর্থিক অনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয় এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। জব্দ করা সম্পদের মধ্যে রাজধানীতে একাধিক ফ্ল্যাট, বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি, বিভিন্ন কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র রয়েছে।