• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম


সম্পত্তির মামলায় বাবার জয়, রায় মেনে নিতে না পেরে বাবাকে হ’ত্যা ছেলের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:৫১ পিএম

সম্পত্তি সংক্রান্ত মামলায় আদালতের রায়ে পরাজিত হওয়ার পর নিজের বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহত জাফর কামারুদ্দিনের বয়স ছিল ৮২ বছর। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আব্দুল রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জাফর কামারুদ্দিন ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা ছিলেন। তিনি সৈয়দ প্যাটেল ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী। তার ছেলে আব্দুল রহমান পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রহমান নিয়মিত পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন এবং তাদের মারধর করতেন। পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে জাফর কামারুদ্দিন প্রথমে পুনেতে তার মেয়ের বাড়িতে চলে যান। পরে ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের দাবিতে আদালতে মামলা করেন।

প্রায় দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর সম্প্রতি আদালত জাফর কামারুদ্দিনের পক্ষে রায় দেন। একই সঙ্গে আব্দুল রহমানকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয় এবং সম্পত্তির মালিকানা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, আদালতের রায় ঘোষণার পর বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার বাবার ওপর হামলা চালান। জাফর কামারুদ্দিন যে অটোরিকশায় করে ফিরছিলেন, সেটি থামিয়ে রাস্তার মাঝখানে সবার সামনে তাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই জাফর কামারুদ্দিনের মৃত্যু হয়।

এ হামলায় নিহতের মেয়েও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল রহমানকে গ্রেপ্তার করে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এসএন