• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


ওমান উপসাগরে জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব করল ভারত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১২:৩৭ পিএম

উপসাগরে ২৪ জন ভারতীয় নাবিক বহনকারী একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত সরকার। হামলার পর তিনজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে পালাউ-পতাকাবাহী ‘সেত্তেবেল্লো’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটিতে ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী ওই জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ অমান্য করেছিল।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নজরদারি সংস্থা জানিয়েছে, হামলার পর জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। পরে এটি ওমানের সোহার বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে বিপদ সংকেত পাঠায়।
ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় ওমানের নৌবাহিনী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে ভারত সরকার জানায়, ওমানে অবস্থিত তাদের দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নাবিকদের জীবন এবং আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি নিখোঁজ নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশা প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ নীতিকে ঘিরে নতুন আইনি ও নৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি এটি ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে।