• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম


ওমানের কাছে জাহাজে আগুন, ২৪ ভারতীয় নাবিককে ঘিরে উদ্বেগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ১১:০২ পিএম

ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদাগাস্কারের পতাকাবাহী ট্যাংকারটিতে কোনো ধরনের পণ্য ছিল না। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছে। নাবিকদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ট্যাংকারটি ভারতের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকম বন্দরের উদ্দেশে যাত্রা করছিল।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা জানান, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদ আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ডিরেক্টরেট জেনারেল অব শিপিংয়ের মাধ্যমে এ পর্যন্ত ৩ হাজার ৫০৬ জন ভারতীয় নাবিকের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে। এর মধ্যে গত ৯৬ ঘণ্টায় ফিরেছেন ৩২ জন।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: এনডিটিভি

/এএসএফ