• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম


‘এই দল কাউকে হতাশ করবে না’, বিশ্বকাপ শুরুর আগে মেসির দৃঢ় প্রত্যয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১:০২ এএম

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার রাত ১টায় পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও শিরোপাপ্রত্যাশী দলগুলোর তালিকায় অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্জেন্টিনাকে।

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে মাঠে ফেরা লিওনেল মেসি পেনাল্টি থেকে একটি গোল করেন। সেই গোলের মাধ্যমে ৬৯ বছরের পুরোনো একটি ঐতিহাসিক রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে মেসি বলেন, শুরু থেকেই তিনি পুরো বিষয়টি উপভোগ করছেন। তবে এখানে আসার পর কিছুটা অস্বস্তি অনুভব করলেও মাঠে ফেরার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

মেসি বলেন, ‘শুরু থেকেই দারুণ উপভোগ করছি। এখানে আসার পর থেকে একটু অস্বস্তি ভোগাচ্ছিল, তবে আমি খেলার জন্য মুখিয়ে ছিলাম। মাঠে নেমে খুব ভালো লেগেছে। খেলার জন্য তীব্র ইচ্ছা ছিল, যাতে ইনজুরির ভয়টা কেটে যায় এবং মন খুলে খেলতে পারি। বিশ্বকাপ অভিষেকের আগে সবাইকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে।’

বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়েও আত্মবিশ্বাসী আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, এই দল কখনো কাউকে হতাশ করবে না এবং প্রতিটি প্রতিযোগিতায় একই আবেগ ও উদ্দীপনা নিয়ে লড়াই করে।

মেসি বলেন, ‘যেকোনো টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ শুরুর আগে আমরা খুব রোমাঞ্চিত থাকি। আমি আগেও বলেছিলাম, এই দলটা কাউকে হতাশ করবে না; তারা সেটি প্রমাণ করেছে। যেকোনো প্রতিপক্ষ বা টুর্নামেন্টে তারা সমান ইচ্ছা ও উদ্দীপনা নিয়ে লড়াই করে। এটি একটি বিজয়ী দল, যারা সব সময় আরও বেশি কিছু চায়।’

দলের বর্তমান অবস্থান নিজেদের যোগ্যতায় অর্জিত বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই দলটা আজ যে অবস্থানে আছে, তার প্রতিটি ইঞ্চি তারা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে। আমরা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কখনো ভাগ্য সহায় হয়, কখনো হয় না। তবে আমরা জয়ের যে অভ্যাস গড়ে তুলেছি, তার পুনরাবৃত্তি করার চেষ্টা করব। দিন শেষে এটা ফুটবল। কিন্তু এটুকু নিশ্চিত থাকুন, আমাদের হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই অনেক কঠিন হবে। কারণ, আমরা ভীষণ লড়াকু এক দল।’

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও ভক্তদের উজ্জীবিত করেছেন মেসি। আইসল্যান্ড ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এগিয়ে চলো আগের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।