• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম


৩ লাখ টাকার টিকিটেও নেই ক্রেতা, বিপাকে ফিফা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ১০:৫৫ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এখনো প্রায় ১ লাখ ৮০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে দেখা গেছে, ফিফার অফিসিয়াল টিকিট পোর্টালের পাশাপাশি টিকিটমাস্টার ও সিটগিকের মতো জনপ্রিয় রিসেল প্ল্যাটফর্মেও বিপুল সংখ্যক টিকিট এখনো বিক্রির জন্য উন্মুক্ত রয়েছে।

এদিকে দ্য ডেইলি বিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ দামে টিকিট কিনে মজুত করা কালোবাজারিরাও এখন বিপাকে পড়েছেন। লোকসান এড়াতে তারা মূল ক্রয়মূল্যের চেয়ে প্রায় ২০ শতাংশ কম দামে টিকিট বিক্রির চেষ্টা করলেও পর্যাপ্ত ক্রেতা পাচ্ছেন না।

বিশ্লেষকদের মতে, টিকিট অবিক্রীত থাকার অন্যতম কারণ হলো ফিফার নির্ধারিত অতিরিক্ত মূল্য। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফুটবল ইতিহাসে আয়োজিত যেকোনো ফিফা টুর্নামেন্টের তুলনায় এবারই টিকিটের দাম সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত তুলনামূলক কম আকর্ষণীয় ম্যাচগুলোর সাধারণ টিকিটের মূল্যও শুরু হয়েছে ১৪০ ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৪০০ টাকার সমান।

আগামী ১৩ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের সাধারণ গ্যালারির সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৩৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ২১ হাজার টাকার সমান। এমনকি এই ম্যাচের সর্বনিম্ন সাধারণ টিকিটের দামও ১ হাজার ডলারের বেশি।

তথ্য অনুযায়ী, তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে সবচেয়ে ধীরগতিতে টিকিট বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের ৪ হাজারের বেশি টিকিট এখনো অবিক্রীত রয়েছে।

মার্কিন গণমাধ্যম এনপিআর জানিয়েছে, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের ১৩২টি সাধারণ টিকিট মূল কোটায় অবিক্রীত ছিল। একই সময়ে টরন্টোতে কানাডার উদ্বোধনী ম্যাচের ২২৬টি টিকিটও বিক্রি হয়নি। তবে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি অবশ্যই মাঠে থাকতে পছন্দ করতাম, কিন্তু সত্যি বলতে, টিকিট পেতে আমিও এত টাকা দিতাম না।”

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির স্লোন স্কুল অব ম্যানেজমেন্টের সিনিয়র লেকচারার বেন শিল্ডস মনে করেন, ফিফা বর্তমানে বড় ধরনের ঝুঁকি নিয়েছে। তার ভাষায়, খেলা শুরু হওয়ার পর বিশ্বসেরা ফুটবলারদের পারফরম্যান্স ও মাঠের উত্তেজনা হয়তো এই বিতর্ককে আড়াল করে দিতে পারে।

তবে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে যদি গ্যালারির বড় অংশ ফাঁকা থাকে, তাহলে তা ফিফার ভাবমূর্তির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের আগে টিকিট বিক্রি নিয়ে তৈরি হওয়া এই পরিস্থিতি তাই আয়োজকদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

/এএসএফ