প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। ফলে কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং নির্ধারিত যোগ্যতা বা শর্ত পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।
তিনি বলেন, “কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তও থাকেন, যেহেতু এটি নির্দলীয় নির্বাচন, এখানে কেউ দলের পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন না। তবে একজন নির্দলীয় প্রার্থী হিসেবে যদি তিনি নির্বাচন করার সব শর্ত পূরণ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।”
আওয়ামী লীগের কোনো নেতা বা পদধারী ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই।
তিনি বলেন, “আওয়ামী লীগের পোস্ট-পজিশনের বিষয়টি আসলে কার্যকর নয়, কারণ সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। তিনি সেই পরিচয় ব্যবহার করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে যদি নির্বাচনে অংশগ্রহণের সব শর্ত পূরণ করেন এবং নির্বাচন করতে চান, তাহলে তিনি তা করতে পারবেন। সরকারের পক্ষ থেকে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”
তিনি আরও জানান, নির্বাচনী বিধি-বিধান মেনেই প্রার্থীদের প্রচারণা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যদি নির্বাচনী প্রচারণায় দলীয় নিষিদ্ধ কার্যক্রম বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করেন, তাহলে তা ভিন্নভাবে বিবেচিত হতে পারে।
/এএসএফ