• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম


বিশ্বকাপের আগেই বাজারমূল্যে সেরা ফ্রান্স,ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ২:০০ পিএম

দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর স্কোয়াডের বাজারমূল্য নিয়ে নতুন এক বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম।খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, সম্ভাবনা ও চুক্তিগত বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দলগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে। সেই তালিকায় সবার ওপরে রয়েছে ফ্রান্স।

ফরাসি দলের মোট বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো।দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড। স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১.৪১ বিলিয়ন ইউরো, আর ইংল্যান্ডের ১.৪০ বিলিয়ন ইউরো।তালিকার পরের দুই স্থানে রয়েছে জার্মানি ও পর্তুগাল। তাদের স্কোয়াডের বাজারমূল্যও এক বিলিয়ন ইউরোর বেশি।লাতিন আমেরিকার অন্যতম শক্তিধর দল ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে।

কার্লো আনচেলত্তির অধীনে গড়া ব্রাজিল স্কোয়াডের বাজারমূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র, যার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো।অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অষ্টম স্থানে। লিওনেল মেসিকে নিয়ে গড়া আলবিসেলেস্তেদের স্কোয়াডের মোট বাজারমূল্য ৭৩৯ মিলিয়ন ইউরো।

বিশ্বকাপ শুরুর আগে প্রকাশিত এই তালিকা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ সাম্প্রতিক সাফল্যে এগিয়ে থাকা আর্জেন্টিনা বাজারমূল্যের হিসাবে ইউরোপের কয়েকটি শীর্ষ দলের পেছনে অবস্থান করছে। তবে মাঠের লড়াইয়ে বাজারমূল্যের চেয়ে পারফরম্যান্সই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়—সেটিই আবারও প্রমাণের অপেক্ষায় বিশ্ব ফুটবল।

/বিএসএস