• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ এএম


আগুনে পুড়ছে কালশী বস্তি: জ্যামে আটকা ফায়ার সার্ভিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১০:৩২ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার কালশী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে রাজধানীর তীব্র যানজট। পানিবাহী ট্যাংকারসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টার পর ঘণ্টা সড়কেই আটকে রয়েছে।সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র ৯ মিনিটের মধ্যে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

কিন্তু বস্তি এলাকায় পর্যাপ্ত পানির উৎস না থাকায় দ্রুত আরও ইউনিটের সহায়তা চাওয়া হয়।পরে কুর্মিটোলা ও মিরপুর থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সদর দফতর ও উত্তরা থেকে পাঠানো পানিবাহী ট্যাংকারসহ ৫টি ইউনিট যানজটের কারণে দীর্ঘ সময়েও পৌঁছাতে পারেনি।ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পানির তীব্র সংকট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ইউনিট ও পানির ট্যাংকার জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে।

কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে গরুর হাটকে কেন্দ্র করে সৃষ্ট যানজটের কারণে ইউনিটগুলো আটকে আছে। দ্রুত পানির ট্যাংকার না পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে।এদিকে আগুন লাগার পর বস্তি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের মালামাল নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

/বিএসএস