• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৫ এএম


বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনকে ভারত ছাড়তে বললেন বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৮:৪৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানি নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার নিয়ে বিতর্কের মাঝেই নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।তিনি বলেছেন, ভারতে থাকতে হলে দেশের নিয়ম মেনেই চলতে হবে।

নিয়ম মানতে আপত্তি থাকলে অন্য কোনো মুসলিম দেশে চলে যেতে পারেন হুমায়ুন কবীর।রাজনৈতিক পালাবদলের পর নতুন বিজেপি সরকার প্রকাশ্যে পশুবলি ও কোরবানির ওপর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়। গত ১৩ মে আদালতের অনুমোদনের ভিত্তিতে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। সামনে ঈদুল আজহা থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ২৭ মে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এ উৎসবে পশু কোরবানি ধর্মীয় আচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।এই ইস্যুতে সরব হন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।

তিনি দাবি করেন, রাজ্যের প্রায় ৩৭ শতাংশ মুসলিম গরুর মাংস খায়। কোরবানি বন্ধ করতে হলে সব কসাইখানাও বন্ধ করা উচিত। তার ভাষ্য, কোরবানি একটি ধর্মীয় প্রথা এবং প্রশাসনিক নির্দেশ দিয়ে তা হঠাৎ বন্ধ করা যায় না।হুমায়ুন কবীরের এই বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা পাল।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে থাকতে হলে সরকারি নিয়ম মেনে চলতে হবে। তা না হলে অন্য কোথাও চলে যেতে পারেন। এমনকি অন্য কোনো মুসলিম দেশেও যাওয়ার পরামর্শ দেন তিনি। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

/বিএসএস