ছবি: সংগৃহীত
বাংলাদেশের ভাইরাল ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। দেশটির রাশিয়ায় অবস্থিত দূতাবাস শুক্রবার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ছবি প্রকাশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে।
পোস্টে ইরানি দূতাবাস লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”
এক্সে দেওয়া ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিওও শেয়ার করা হয়। সেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যায়।
আরটির বরাতে ইরানি দূতাবাস আরও লিখেছে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”
বাংলাদেশের এই মহিষটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির বিশেষ শারীরিক গঠন এবং মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। এ কারণেই খামার কর্তৃপক্ষ মহিষটির নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। পরে সেটিকে দেখতে সেখানে অসংখ্য মানুষ ভিড় করতে শুরু করেন।
এরই মধ্যে ভাইরাল হওয়া মহিষটি বিক্রিও হয়ে গেছে। এক ক্রেতা কেজি দরে মহিষটি কিনে নিয়েছেন। এবারের ঈদুল আজহায় সেটিকে কোরবানি দেওয়া হবে বলে জানা গেছে।
বাংলাদেশের এই ‘ট্রাম্প মহিষ’ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছে। ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।