অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি. জোসেফ বিজয়ের রাজনৈতিক উত্থান নিয়ে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগেই যিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেই জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল এবার নতুন মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নির্বাচনে শক্তিশালী ফল করার পরই এ নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনের ফল তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নির্বাচনী প্রচারের সময় রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল বিশেষভাবে আলোচনায় আসেন। কারণ, যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক নবগঠিত দল টিভিকের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন, তখন তিনি প্রকাশ্যে বিজয়ের রাজনৈতিক সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেন।
নির্বাচনের কয়েক মাস আগে থেকেই তিনি বিভিন্ন সাক্ষাৎকার, জনসম্মুখে বক্তব্য এবং অনলাইন ভিডিওতে দাবি করে আসছিলেন যে বিজয়ের জন্মছক তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। তিনি বিজয়ের রাজনৈতিক ভাগ্যকে “সুনামি” বলেও বর্ণনা করেছিলেন এবং দাবি করেছিলেন, অভিনেতা বিজয় রাজ্যের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবেন।
এ ছাড়া ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ নামটির সংখ্যাতাত্ত্বিক গুরুত্ব নিয়েও তিনি কথা বলেন। বিজয়ের জন্মসংক্রান্ত তথ্যের সঙ্গে দলটির নামের বিশেষ জ্যোতিষীয় মিল রয়েছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচনের ফল প্রকাশের পর টিভিকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলে রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের পুরোনো ভবিষ্যদ্বাণীর ভিডিও ও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য দুর্বল হয়ে পড়ে এবং বিজয়ের দল রাজ্য বিধানসভায় শক্ত অবস্থান তৈরি করে।
এরপরই বিজয়ের সঙ্গে রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে, যখন তাকে মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জ্যোতিষী হিসেবে পরিচিত হওয়া ছাড়াও নির্বাচনী প্রচারে বিজয়ের প্রতি তার প্রকাশ্য সমর্থনের কারণে এ নিয়োগ বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে যান। সেখানে তিনি ফুলের তোড়া দিয়ে বিজয়কে শুভেচ্ছা জানান এবং অভিনেতা-রাজনীতিকের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এ সাক্ষাতের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তার নতুন নিয়োগ নিয়ে আলোচনার মাত্রা আরও বাড়ায়।
বিজয়ের সমর্থকেরা ঘটনাটিকে প্রতীকী হিসেবেও দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসা এই জ্যোতিষীর জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
সময়ের সঙ্গে সঙ্গে টিভিকে ঘিরে রাজনৈতিক আলোচনায় পরিচিত মুখ হয়ে ওঠেন রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল। বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও গণমাধ্যমের আলোচনায় তিনি জ্যোতিষশাস্ত্রের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ মিলিয়ে বক্তব্য দিতেন। বিভিন্ন আলোচনায় তিনি বিজয়কে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেন এবং তার রাজনৈতিক সম্ভাবনার তুলনা এম. কে. স্ট্যালিন ও এডাপ্পাডি কে. পালানিস্বামীর মতো নেতাদের সঙ্গে করেন।
নির্বাচনের আগে বিজয়ের রাজনৈতিক প্রচারণা গতি পাওয়ার সঙ্গে সঙ্গে রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলের পরিচিতিও আরও বাড়তে থাকে।
তামিলনাড়ুতে তিনি একজন পরিচিত আধ্যাত্মিক পরামর্শক ও জ্যোতিষী হিসেবে বিবেচিত। রাজনৈতিক ও ব্যবসায়ী মহলেও তার প্রভাব রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জয়ললিতা তার পরামর্শ নিতেন বলেও দাবি করা হয়েছে।
রাজনৈতিক আলোচনা ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেল। সেখানে নিয়মিত জ্যোতিষসংক্রান্ত মতামত ও ভবিষ্যদ্বাণী শেয়ার করেন তিনি।
/এসএন
সুত্রঃ দ্য ইকোনোমিক টাইমস
অনুবাদ: দি পালস বিডি আন্তর্জাতিক ডেস্ক