• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম


আবারও ভূমিকম্পে কাঁপল তেহরান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ১১:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের অদূরে পারদিস শহরের কাছে মঙ্গলবার রাতে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পনে রাজধানী তেহরানসহ আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইরানের সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তেহরান প্রদেশের পূর্বাঞ্চল ছাড়াও মাজান্দারান প্রদেশের কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়। অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক মাঝারি মাত্রার হলেও রাজধানীর কাছাকাছি হওয়ায় এই ভূমিকম্প মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।

/এএসএফ