দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন দুলু মিয়া (৭০) এবং তার ছেলে মো. কাবিল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। দীর্ঘদিন ধরে জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে ভুট্টা ছেঁড়াকে কেন্দ্র করে দুলু মিয়ার সঙ্গে দ্বিতীয় স্ত্রীর ছেলে সাদিকুল ইসলামের তর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাদিকুল বাড়ি থেকে বল্লম ও ছুরি এনে বাবার ওপর হামলা চালান। বল্লমের আঘাতে ঘটনাস্থলেই দুলু মিয়ার মৃত্যু হয়।
এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে আসেন কাবিল। অভিযোগ রয়েছে, সৎভাই কাবিলকেও ছুরিকাঘাত করেন সাদিকুল। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে অটোরিকশাযোগে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
/এসএন