• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম


‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ প্রস্তাব লেখে না’— ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১২:০৫ পিএম

যুদ্ধবিরতি ইস্যুতে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, “ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।”

সূত্রটির দাবি, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছিল, কারণ ইরানের দৃষ্টিতে সেটি ছিল ট্রাম্পের “অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা।”

তাসনিমের বরাতে আরও বলা হয়, “ট্রাম্পকে সন্তুষ্ট করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা তৈরি করে না। আলোচনায় অংশ নেওয়া দল কেবল ইরানি জনগণের অধিকার রক্ষার বিষয়টিই গুরুত্ব দেয়। এতে ট্রাম্প অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো।”

একই সূত্র আরও মন্তব্য করে, “ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না। আর এ কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।”

এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে নিজেদের জবাব পাঠিয়েছিল তেহরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।”

তবে এ বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।

তথ্যসূত্র: আল জাজিরা

/এসএন