রাজধানীর এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নবদম্পতি ও অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেন। এ সময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা।
তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর সময় বর তখনও সেখানে আসেননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আজ প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছে।রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ততার মাঝেও সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। নবদম্পতি প্রধানমন্ত্রীর এ আচরণকে গণমানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও জনমুখী নেতৃত্বের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
/বিএসএস