• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম


রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, সতর্ক করল আবহাওয়া অফিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৯:৫৩ পিএম

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আকস্মিক ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট ৮ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ছোট নৌযান ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে চলমান তীব্র গরমের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা স্বস্তির বার্তা দিলেও আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

/এসএন