আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্যের সাম্প্রতিক মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের সংসদ সদস্য হাজ্জ দিলেগানি দাবি করেছেন, ইরান এখনো যুদ্ধে তাদের “রহস্যময়” ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।
তিনি বলেন, “আমরা এখনো যুদ্ধে রহস্যময় অস্ত্র ব্যবহার করিনি। যদি আমরা একসাথে ১৬টি ‘সিজিল’ বোমা নিক্ষেপ করি, তবে তার ধ্বংসক্ষমতা একটি ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার সমান হবে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সিজিল’ নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এমন বক্তব্য মূলত আঞ্চলিক প্রতিপক্ষ ও পশ্চিমা শক্তিগুলোর প্রতি কৌশলগত বার্তা। তবে এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
‘সিজিল’ হলো ইরানের তৈরি কঠিন জ্বালানিচালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দ্রুত উৎক্ষেপণ এবং দীর্ঘপাল্লার আঘাত হানার সক্ষমতার জন্য পরিচিত। সামরিক বিশ্লেষকদের মতে, এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র।
এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মহল ইতোমধ্যেই এই মন্তব্যকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক শক্তির সঙ্গে তুলনা করে ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা তুলে ধরা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন সংকেত বহন করছে।
/এএসএফ