• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম


সৌদি-কুয়েতের বাঁধার মুখে হরমুজের ব্লকেড তুলে দিয়ে রণে-ভঙ্গ দিল যুক্তরাষ্ট্র!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৯:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে সৌদি আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমানের চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কুয়েতও একই অবস্থান নেয়।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই সামরিক উদ্যোগে উপসাগরীয় মিত্ররা অপ্রস্তুত হয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে ফোনে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানা গেছে।

এক সৌদি কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, “সবকিছু খুব দ্রুত ঘটছে।” তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন।

অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, পরিকল্পনা সম্পর্কে আঞ্চলিক মিত্রদের আগেই অবহিত করা হয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, প্রকাশ্যে ঘোষণার পর যুক্তরাষ্ট্র কেবল ওমান-এর সঙ্গে যোগাযোগ করেছিল।

এদিকে পরিকল্পনা স্থগিত হওয়ার পর ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

/এএসএফ