ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন দিন ধার্য করেন।
মামলাটির তদন্তভার থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৭ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। অভিযুক্তদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ৬ জন পলাতক রয়েছে।
তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০ ডিসেম্বর আদালতের মাধ্যমে মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। /এইচটি