ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার বড় ধরনের চমক দেখা গেছে ভবানীপুর কেন্দ্রে। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী-এর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে যান।
এই জয়ের পর প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী দাবি করেন, মুসলিম ভোটাররা ব্যাপকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিলেও হিন্দু ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ঐক্যের কারণেই তিনি জয়ী হয়েছেন। তার ভাষায়, এটি মূলত ‘হিন্দুত্ববাদের জয়’।
সোমবার (৪ মে) ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমতে থাকে। সপ্তম রাউন্ড শেষে তার লিড ছিল প্রায় ১৭ হাজার ভোট, কিন্তু ১৪তম রাউন্ডে এসে তা নেমে আসে ৪ হাজারের নিচে। শেষ পর্যন্ত ব্যবধান পেরিয়ে গিয়ে জয় নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার এই কেন্দ্রটি ২০১১ সাল থেকে তৃণমূলের দখলে ছিল, তবে এবার সেখানে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।
জয় নিশ্চিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা অত্যন্ত জরুরি ছিল। এটি তার রাজনৈতিক জীবনের অবসর। মুসলিমরা তাকে খোলাখুলি ভোট দিয়েছে। বিশেষ করে ৭৭ নম্বর ওয়ার্ডের মতো মুসলিম প্রধান এলাকাগুলোতে তারা মমতার পক্ষ নিয়েছে। অন্যদিকে হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করে জয়ী করেছেন। এই জয় আসলে হিন্দুত্ববাদের জয়।”
তিনি আরও বলেন, “বাঙালি হিন্দুদের পাশাপাশি গুজরাটি, মারওয়াড়ি, শিখ এবং পূর্বাঞ্চলীয় ভোটাররাও আমাকে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকবার ফোন করে ভবানীপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, আমি তাকে জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছি।” একই সঙ্গে তিনি এই ফলাফলকে ‘অরাজক শাসকের’ বিরুদ্ধে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের পর এটি দ্বিতীয়বারের মতো শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এই পরাজয়ের পর তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়াও ছিল তীব্র। তিনি এই ফলাফলকে ‘অনৈতিক জয়’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিজেপি মিলে শতাধিক আসন ‘লুট’ করেছে।
এছাড়া তিনি দাবি করেন, ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।/এইচটি