যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে ইরান। এই প্রস্তাবে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আগামী ৩০ দিনের মধ্যে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘নূর নিউজ’-এর তথ্য অনুযায়ী, এই প্রস্তাবের লক্ষ্য শুধু যুদ্ধবিরতির সময় বাড়ানো নয়; বরং চলমান সংঘাতের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ এই সংবাদমাধ্যম জানিয়েছে—তেহরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। পাশাপাশি লেবাননে ইসরাইলের সামরিক অভিযানসহ সকল ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের দাবিও জানিয়েছে ইরান।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নয় দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই ১৪ দফার প্রস্তাব উপস্থাপন করেছে তেহরান। যদিও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তবুও দুই দেশের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। গত তিন সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিও এখনো কার্যকর আছে বলে ধারণা করা হচ্ছে।
এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রোববার (৩ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে ফোনে কথা বলেছেন। উল্লেখ্য, ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
/এসএন